মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। আজ বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।
এতে করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে যে জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে, সেখান থেকে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো মুক্ত থাকছে বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংশ্লিষ্ট অঞ্চল ও এর বাইরের জনগণের স্বার্থে মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাতে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট হিসেবে বিবেচিত নয়। ইরানকে এতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে তেহরান তা গ্রহণ করবে বলেও জানান তিনি।
একই সঙ্গে মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়েও ইরানের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।
জ/উ