অভিনয়ে অভিষেকের পর খুব বেশি সময় লাগেনি নিজের আলাদা পরিচিতি গড়ে তুলতে। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসা সুনেরাহ বিনতে কামাল এবার ক্যারিয়ারের আরও বড় আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছেন। তাঁর অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে।
রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র। ফলে বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সুনেরাহ। সিনেমাটির টিমের সঙ্গে উৎসবে অংশ নিতে তিনিও ভেনিসে যাচ্ছেন।
নিজের এই অর্জন নিয়ে অভিনেত্রী বলেন, ‘এটি আসলে অনেক খুশির খবর। অনেক আনন্দের খবর। এই সিনেমার সবার জন্যই বিষয়টি আনন্দের। দেশের সিনেমার জন্যও। আমিও ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছি।’
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন সুনেরাহ। তাঁর মতে, সিনেমাটি ভালো হয়েছে এবং কাজটি করতে গিয়ে তিনি নিজেও দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন। এ সময় পরিচালক রুবাইয়াত হোসেনসহ সিনেমাটির পুরো দলের প্রশংসাও করেন তিনি।
ভেনিস সফরকে শুধু ক্যারিয়ারের অর্জন হিসেবে দেখছেন না সুনেরাহ। তাঁর কাছে এটি শেখারও বড় একটি সুযোগ। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একই উৎসবে থাকার অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁর জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বলে মনে করেন তিনি।
রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ইতিবাচক বলে জানিয়েছেন সুনেরাহ। শুটিং শেষ হওয়ার পরও পরিচালক নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এমনকি প্রতি সপ্তাহেই তাঁদের কথা হয়েছে। পরিচালকের এই আন্তরিকতা তাঁর ভালো লেগেছে বলেও জানান অভিনেত্রী।
একটি সিনেমাকে দর্শকের কাছে ভালো করে তুলতে কী প্রয়োজন-এমন প্রশ্নে সুনেরাহ বলেন, ‘ভালো গল্প, ভালো টিম, ভালো অভিনয়, ভালো পরিচালক-সবকিছু যখন ভালো হয়, তখনই একটি ভালো সিনেমা হয়, সুন্দর সিনেমা হয়। যা এই সিনেমায় আছে।’
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অবশ্য এবারই প্রথম অংশ নিচ্ছেন না সুনেরাহ। এর আগে ‘মশারি’ সিনেমা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন তিনি। তবে ভেনিসের মতো বিশ্বখ্যাত উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করার সুযোগকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।
ভবিষ্যতে সিনেমায় আরও নিয়মিত হতে চান সুনেরাহ। তবে বেশি সিনেমায় অভিনয়ের চেয়ে কাজের মানকে অগ্রাধিকার দিতে চান তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘সিনেমা করতে চাই, কিন্তু ভালো সিনেমা করতে চাই। ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’
ইতোমধ্যে নতুন সিনেমার প্রস্তাবও পাচ্ছেন সুনেরাহ। তবে শুধু প্রস্তাব এলেই কাজ করছেন না তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও ব্যস্ত সময় কাটছে তাঁর। বর্তমানে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন সুনেরাহ। ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজন শেষ করে দেশে ফিরে আবারও নাটকের কাজে ব্যস্ত হয়ে উঠবেন তিনি।
সম্প্রতি শেষ হয়েছে সুনেরাহ অভিনীত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এতে সায়রা চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে বাস্তব জীবনেও অনেক দর্শক তাঁকে এখন ‘সায়রা’ নামে ডাকছেন।
এ বিষয়ে সুনেরাহ বলেন, ‘ভীষণ সাড়া পেয়েছি নাটকটি করে। বিশেষ করে যেখানেই যাই, সায়রা নামে অনেকে ডাকেন। ভালো লাগলো। ভালো কাজের এটাই প্রাপ্তি।’
একদিকে ছোট পর্দায় ‘সায়রা’ চরিত্রের জনপ্রিয়তা, অন্যদিকে দেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার সুযোগ-সব মিলিয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল। ভেনিসের মঞ্চে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে তাঁর এই যাত্রা ভবিষ্যতে নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলে দেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।
জ/উ