জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদকে সোলার সিস্টেমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদ সোলার সিস্টেমের আওতায় আসবে।
তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি পণ্যে আয়কর পরিহার করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার। এই সুবিধা আগামী তিন বছর কার্যকর থাকবে।
এ ছাড়া সরকারি বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ব্যবসায়ীদের জন্য লিথিয়াম ব্যাটারির মান নির্ধারণ করে দেবে সরকার। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণের ব্যবস্থাও করা হবে। অন্যদিকে যারা শিল্প পর্যায়ে সোলার প্যানেল স্থাপন করবেন, তাদের প্রয়োজনীয় কাঁচামালের ওপর কর মওকুফ করা হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় দেশীয় উৎস থেকে কয়লা উত্তোলনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে এবং সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী মানুষের বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এ প্রকল্প নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য আগামী ১০ বছরের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনা নিয়ে বর্তমানে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জাতীয় সংসদে পরিকল্পনাটি উপস্থাপন করবেন।
জ/উ