জবাবদিহি ডেস্ক

বিনোদন

2026-09-01T01:49:20+06:00
2026-09-01T01:49:20+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ এএম 
সংগৃহীত ছবি
হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হচ্ছে, পপি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ মুহূর্তের মধ্যেই বক্তব্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা। তবে বিষয়টি নিয়ে মোটেও চুপ থাকেননি এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী। তীব্র ক্ষোভ প্রকাশ করে পপি স্পষ্ট জানিয়ে দিয়েছেন-ভাইরাল হওয়া এই বক্তব্যটি তার নয়।

এমন কথা বলা প্রশ্নেই উঠে না উল্লেখ করে দৈনিক রূপালী বাংলাদেশকে পপি বলেন, ‘আমি কেন এ ধরনের কথা বলব? ফিল্মকে কখনো আমি পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে ফিল্মে কাজ করেছি। আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে। তবে এটা ঠিক কিছু অমানুষকে লালনপালন করেছি। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেটা আমার জন্য পাপ ছিল।

কথাটি এই অর্থে বলেছিলাম। পরিবারের প্রতি ক্ষোভ থেকে কথাগুলো যেভাবে বলেছিলাম সেভাবে গণমাধ্যমে আসেনি। সম্পূর্ণ ভিন্ন ভাবে আমাকে অপমান করে সবাই ভাইরাল করেছে। ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র একটি জায়গা। এই পবিত্র জায়গা থেকে টাকা উপার্জন করে আমার পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনো আমি ছোট করতে পারব না। বরং সবসময় ফিল্ম সম্মানের চোখেই দেখি।’

তার কথা ভিন্নভাবে উপস্থাপন করে ছোট করা হচ্ছে জানিয়ে পপি বলেন, ‘শিল্পী ও শিল্পের প্রতি সবারই সম্মান রাখা এবং তাকে বোঝার চেষ্টা করা উচিত। একজন শিল্পী এমনিতেই তৈরি হয় না। অনেক ত্যাগের মাধ্যমে একজন শিল্পী তৈরি হয়। শিল্পীকে সবারই সম্মান দেওয়া উচিত। আমরা দর্শকদের জন্য কাজ করেছি। আমাকে নিয়ে দুই লাইন লেখার আগে চিন্তা করা দরকার ছিল আসলে আমি কেমন। ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? 

আমি এখন ফিল্মে কাজ করি না ঠিক আছে তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। একটা পরিবারে বসবাস করছি। ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যেভাবে কটাক্ষ করে কথাগুলো ছড়ানো হয়েছে তা এভাবে বলিনি। আমার কথা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, ফিল্ম আমার কাছে সবচেয়ে সম্মানের জায়গা, দ্বিতীয় পরিবার।’

দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র থেকে অনেক কিছু পেয়েছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই ইন্ডাস্ট্রির মানুষের অবদান কখনোই ভোলার নয়। আমার ক্যারিয়ারে ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষের অবদান আছে। আজ আমার যা কিছু হয়েছে ফিল্ম থেকেই হয়েছে। যতটা সময় ফিল্মের মানুষদের সঙ্গে ছিলাম তা পরিবারের সঙ্গেও থাকিনি। তাদের কিভাবে অস্বীকার করব? প্রায় তিন দশক ফিল্মে দিয়েছি। ফিল্ম ভালো না বাসলে, সম্মান না করলে তো কাজ করতে পারতাম না। ফিল্ম আমার কাছে শ্রদ্ধা ও সম্মানের জায়গা। ফিল্মের মানুষজন সবসময়ই আমার কাছে প্রিয়। ফিল্ম থেকে সব সময় নিয়েছি, কখনো কিছু দিতে পারিনি। যারা আমার কথা ভুলভাবে ছড়িয়েছে তাদের অনুরোধ করব- এগুলো থেকে বিরত থাকুন। আমাকে নিয়ে যে সব কথা ছড়ানো হয়েছে তা সত্যিই দুঃখজনক। আমি স্বামী ও সন্তান নিয়ে ভালো আছি। আমাকে ভালোভাবে থাকতে দিন। শিল্পীদের সম্মান করতে শিখুন।’

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানার কথা উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘শাবানা ম্যাডাম অনেক বছর ধরে ফিল্মে কাজ করে না তাই বলে তার প্রাপ্য সম্মান দেব না? কাজ করছি না বলে এখন আমাকেও অসম্মান করা হবে? আমি যতদিন কাজ করেছি সম্মানের সঙ্গে কাজ করেছি। গত কয়েক বছর ধরে আমি কাউকে সেভাবে সাক্ষাৎকার দেইনি এবং কারো সঙ্গে যোগাযোগও নেই। দু-একজন মানুষের সঙ্গে যোগাযোগ হয় তার মধ্যে আপনি (প্রতিবেদক) একজন।’

সংসার এবং ধর্ম পালনে ব্যস্ত আছেন জানিয়ে পপি বলেন, ‘আগে শুটিংয়ের কারণে কাজা নামাজ পড়তাম। এখন সময় মতো পড়ছি। সবসময়ই নামাজ-রোজা পালন করছি। আমি তো পাপ কিছু করছি না। আর পাপ বলতে এরা কী বোঝাতে চায়? শিক্ষিত মানুষ কখনো শিল্পীদের ছোট করতে পারে না।’

ভক্ত এবং সহকর্মীদের উদ্দেশ্য পপি বলেন, ‘ভুল মানুষদের ব্যাখ্যা শুনে আমাকে ভুল বুঝবেন না। আমি কখনোই ফিল্মের মানুষদের খারাপ বলতে পারব না। যেখানে আমি বেড়ে উঠেছি, সবচেয়ে সুন্দর সময় পার করেছি- সেই জায়গা নিয়ে কেন খারাপ মন্তব্য করব? এমন কথা বলার প্রশ্নই উঠে না। মৃত্যুর আগ পর্যন্ত ফিল্মের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটা বাজে শব্দ বের হবে না। আমি যতদিন কাজ করেছি সম্মানের সঙ্গে মানুষের ভালোবাসা নিয়েই কাজ করেছি।’

দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন পপি। ইন্ডাস্ট্রির কারো সঙ্গে নেই তার যোগাযোগ। তবে স্বামী ও একমাত্র সন্তান নিয়ে সুখেই আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। আপাতত মন দিয়ে সংসার করতে চান পপি। অদূর ভবিষ্যতে অভিনয়ে না ফিরলেও প্রযোজনায় আসার আগ্রহ রয়েছে তার।





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]