ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরবিলে মার্কিন সামরিক অবকাঠামোয় সমন্বিত হামলা চালানো হয়েছে। একই সময়ে কুয়েত, বাহরাইন ও জর্ডানেও হামলা চালানোর কথা জানিয়েছে বিপ্লবী গার্ড।
হামলার কারণ হিসেবে ইরানের হরমুজগান প্রদেশের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেছে বিপ্লবী গার্ড। তাদের দাবি, ওই হামলায় চারজন নিহত হওয়ার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইরবিলে মার্কিন স্থাপনায় আঘাত হানা হয়েছে।
ইরানের অভিজাত সামরিক ইউনিটটির ভাষ্য অনুযায়ী, ইরবিলে হামলায় মার্কিন সামরিক বাহিনীর একটি মেরামতকেন্দ্র ও যন্ত্রাংশ সংরক্ষণের একটি গুদাম ধ্বংস হয়েছে। এ ছাড়া নজরদারি বেলুনের একটি গাইডেন্স সিস্টেমও ধ্বংস করার দাবি করেছে তারা।
বিপ্লবী গার্ড আরও দাবি করেছে, হামলার পর মার্কিন ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়। হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সেই হুমকি ঠেকাতেই ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জ/রা