জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-01T21:57:27+06:00
2026-09-01T21:57:27+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
আ.লীগকে পুনর্বাসনে জামায়াত-এনসিপির চক্রান্ত: রাশেদ খাঁন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ পিএম 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আয়োজিত র‌্যালি শেষে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

আজ মঙ্গলবার দুপুরে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের লক্ষ্যেই জামায়াত ও এনসিপি জোটবদ্ধ হয়ে চক্রান্তের রাজনীতি শুরু করেছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফিরে আসার ঘোষণা এবং একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চ কর্মসূচিকে একই পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার ঘোষণা এবং একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক গভীর চক্রান্তের অংশ।’

১৯৯৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় জামায়াত যেভাবে আওয়ামী লীগের সঙ্গে থেকে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছিল, একইভাবে এখনো তারা ফ্যাসিবাদের দোসরদের রাজনীতির মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

আলোচিত মক্কা সামরিক চুক্তির প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, এনসিপিপ্রধান নাহিদ ইসলাম ও জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল চুক্তিটির বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। দেশের বড় একটি অংশও এটি সমর্থন করছে বলে তিনি দাবি করেন।

তবে এ বিষয়ে সরকার দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক কৌশল ও সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনে নিজের প্রাপ্য জিএস পদ ফিরে পাওয়ার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাশেদ খাঁন। তার মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়েছে।

আসন্ন স্থানীয় নির্বাচনের আগে দলছুট ও বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরানোর বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে যেসব নেতাকর্মী ভুল বুঝে দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছিলেন, তারা অনুশোচনা প্রকাশ করলে দলীয় হাইকমান্ড তাদের বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। তবে যারা সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের দলে ফেরানোর বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]