নাটোরের বাগাতিপাড়ায় লাইনের পাত ভেঙে যাওয়ায় প্রায় ২ ঘণ্টা সারা দেশ থেকে রেলপথে বিচ্ছিন্ন ছিল রাজশাহী। মেরামত শেষে আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বনলতা এক্সপ্রেস এবং ৯টায় সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যায়।
বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় রেললাইনের পাত ভেঙে যায় আজ সকালে। এতে রাজশাহী স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস। সকাল ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিরতিহীন বনলতা এক্সপ্রেসের। আর সাড়ে ৭টায় ছাড়ার কথা ছিল সিল্কসিটি এক্সপ্রেসের।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান জানালেন, আজ সকালে স্থানীয় লোকজন লোকমানপুর এলাকায় রেললাইনের পাত ভাঙা দেখতে পান। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে ট্রেন চলাচল বন্ধ রেখে মেরামতের কাজ শুরু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ জানিয়েছেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের লাইনগুলো প্রায় ১০০ বছর আগে নির্মাণ করা হয়েছে। পুরনো হয়ে যাওয়ায় মাঝেমধ্যেই রেললাইন ভেঙে যাচ্ছে কিংবা লাইনে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে রেললাইন আধুনিকায়ন ও মেরামতের পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করছি, অল্প সময়ের মধ্যে যাত্রীরা এমন ভোগান্তি থেকে রেহাই পাবেন।’
জ/রা