অ্যাস্টন ভিলার সঙ্গে দীর্ঘ ছয় বছরের পথচলা শেষ করে এবার চেলসির ঠিকানা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। ৩৩ বছর বয়সী এই তারকার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
মার্তিনেজকে দলে নিতে চেলসির খরচ হয়েছে প্রায় ৭৫ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২৫ কোটি ৬৫ লাখ টাকার সমান।
অ্যাস্টন ভিলায় দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মার্তিনেজ। গত মৌসুমে ইউরোপা লিগ জয়ের অভিযানে তার অবদান থাকলেও নতুন মৌসুম শুরুর আগে ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। দলবদলের শুরুতেই জাপানের গোলরক্ষক জিওন সুজুকিকে দলে ভেড়ানোর পর ভিলা মার্তিনেজের জন্য নতুন ঠিকানা খুঁজতে শুরু করে। আগস্টের শুরুতে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা বাস্তবায়িত না হলেও শেষ পর্যন্ত চেলসিতেই থিতু হলেন আর্জেন্টাইন গোলরক্ষক।
নতুন ক্লাবে যোগ দেওয়ার পর নিজের আনন্দের কথা প্রকাশ করেছেন মার্তিনেজ। চেলসির ক্লাব মিডিয়াকে দেওয়া বক্তব্যে তিনি জানান, লন্ডনের ক্লাবটিতে আসার সিদ্ধান্ত তার এবং পরিবারের জন্য কঠিন ছিল না। নতুন অধ্যায় শুরু করার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান।
নতুন দলের প্রতি নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ম্যাচ হোক কিংবা অনুশীলন—প্রতিটি মুহূর্তে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে ক্লাব, সতীর্থ এবং সমর্থকদের গর্বিত করতে চান তিনি।
চেলসির গোলরক্ষক পজিশন নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। ফুলহামের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে রবার্ট সানচেজের পারফরম্যান্স সেই বিতর্ককে আরও উসকে দেয়। এর আগেও অনিয়মিত পারফরম্যান্সের কারণে বিভিন্ন সময়ে সানচেজকে একাদশের বাইরে থাকতে হয়েছে। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ মার্তিনেজকে দলে এনে গোলবারে বাড়তি নিশ্চয়তা ও স্থিতিশীলতা তৈরির উদ্যোগ নিয়েছে চেলসি।
জ/বা