কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আচমিতার তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জারামনি। আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে তেভাগা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ছয় যাত্রী হতাহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জ/শা