এক কাপ গরম চা, সঙ্গে বিস্কুট কিংবা মুড়ি-বাঙালির আড্ডা ও দৈনন্দিন জীবনের পরিচিত অনুষঙ্গ এটি। বৃষ্টির দিনে বারান্দায় বসে চায়ে চুমুক কিংবা ব্যস্ততার মাঝে একটু বিরতি-চা এখন বাঙালি সংস্কৃতিরই অংশ। তবে একসময় এ অঞ্চলের মানুষের কাছে চা ছিল সম্পূর্ণ অপরিচিত একটি পানীয়।
চায়ের ইতিহাসের শুরু চীনে। পরে ইউরোপীয়দের মাধ্যমে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। চীনের ওপর নির্ভরতা কমাতে ব্রিটিশরা উপমহাদেশে চা চাষের উদ্যোগ নেয়। বর্তমান বাংলাদেশের ভূখণ্ডেও ব্রিটিশ আমলে পরীক্ষামূলকভাবে চা চাষ শুরু হয়। চট্টগ্রামের পর সিলেট অঞ্চলে চাষের জন্য অনুকূল পরিবেশের সন্ধান মেলে।
সিলেটেই গড়ে ওঠে প্রথম বাণিজ্যিক বাগান
সিলেটের পাহাড়ি এলাকায় বুনো চা গাছের সন্ধান পাওয়ার পর চা চাষে আগ্রহ বাড়ে। ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় গড়ে ওঠে দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। এরপর ধীরে ধীরে সিলেট ও আশপাশের এলাকায় চা-বাগান বিস্তৃত হয়। সবুজ বাগান ও শ্রমিকদের শ্রমের সঙ্গে জড়িয়ে পড়ে দেশের চা শিল্পের ইতিহাস।
সাহেবদের পানীয় থেকে সাধারণ মানুষের ঘরে
প্রথম দিকে চা মূলত ব্রিটিশ কর্মকর্তা ও স্থানীয় অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরে চায়ের বাজার সম্প্রসারণে রেলস্টেশন, হাটবাজারসহ বিভিন্ন জনসমাগমস্থলে চা পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সময়ের সঙ্গে বদলে যায় মানুষের অভ্যাস।
চায়ের সঙ্গে দুধ ও চিনি যোগ করে বাঙালি তৈরি করে নেয় নিজস্ব স্বাদ। পরে আদা, এলাচ, দারুচিনিসহ বিভিন্ন উপাদান যুক্ত হয়ে তৈরি হয় নানা ধরনের চা। চায়ের সঙ্গে বিস্কুট, মুড়ি ও নাশতার অভ্যাসও গড়ে ওঠে।
চায়ের কাপ ঘিরেই আড্ডা
চায়ের জনপ্রিয়তার সঙ্গে জড়িয়ে যায় বাঙালির আড্ডার সংস্কৃতি। পাড়ার টং দোকান থেকে অফিসের ক্যানটিন—চায়ের কাপ ঘিরে জমে ওঠে নানা গল্প। রাজনীতি, খেলাধুলা, সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কথাবার্তারও জায়গা হয়ে ওঠে চায়ের আড্ডা। ফলে চা শুধু পানীয় নয়, হয়ে ওঠে সামাজিক যোগাযোগেরও একটি মাধ্যম।
অতিথি এলে ‘চা খাবেন?’-বাঙালি ঘরের এই পরিচিত প্রশ্নও চায়ের সামাজিক অবস্থানকে তুলে ধরে। সময়ের সঙ্গে চায়ের ধরনও বদলেছে। লিকার, দুধ, লেবু ও আদা চায়ের পাশাপাশি গ্রিন টি এবং বিভিন্ন ফ্লেভারের চাও এখন জনপ্রিয়।
চীনে যাত্রা শুরু করা চা প্রায় দুই শতাব্দীর পথ পেরিয়ে আজ বাঙালির ঘর, আড্ডা ও দৈনন্দিন অভ্যাসের সঙ্গে মিশে গেছে। একসময় বিদেশি পানীয় হিসেবে পরিচিত চা এখন বাঙালির জীবনের পরিচিত এক টুকরো সংস্কৃতি।
জ/উ