জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। এর মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হয়।
আন্তর্জাতিক আইন, আইনের শাসন, টেকসই উন্নয়ন, মানবাধিকার ও শরণার্থী সুরক্ষায় আইরিন খানের রয়েছে দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা। ২০২০ সাল থেকে তিনি জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে বিশ্বব্যাপী দায়িত্ব পালন করেন আইরিন খান।
এ ছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থার (আইডিএলও) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। এরও আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচসিআর)-এ টানা ২১ বছর কাজ করেন আইরিন খান। সেখানে ভারতে চিফ অব মিশন এবং আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
হার্ভার্ড ল স্কুল ও ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন আইরিন খান। মানবাধিকার ও শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি সম্মানজনক ‘সিডনি পিস প্রাইজ’ লাভ করেন।
আইরিন খান ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে একটি বহুল পরিচিত বইয়েরও লেখক।
জ/উ