মাত্র চার মাসের শাসনেই বর্তমান রাজ্য সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শিগগির তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরবে বলেও মন্তব্য করেছেন তিনি।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মমতা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে ক্যাথিড্রাল রোডে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বর্তমান সরকারের চার মাসের শাসনামলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশ-প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে এবং দলটির সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বিজেপির অন্যায়ের জবাব সাধারণ মানুষ দেবে উল্লেখ করে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় আবারও রাজনৈতিক পরিবর্তন আসবে। তৃণমূল বাংলার বঞ্চনা ও চুরির ইতিহাস বদলে দেবে এবং খুব শিগগির বিজেপির বড় পতন ঘটিয়ে তারা আবার ক্ষমতায় ফিরবে বলেও ঘোষণা দেন তিনি।
এদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূল দলের পাশাপাশি পৃথক কর্মসূচি পালন করেছে দলটির বিদ্রোহী অংশ ও জাতীয় কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল ছাত্র পরিষদ ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে সমাবেশ করে। অন্যদিকে কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে কংগ্রেস।
জ/উ