প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবারের মিড-ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই এ কার্যক্রমের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি নিয়ে আয়োজিত প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুর অভিজ্ঞতা অনুসরণ করে স্থানীয় মায়েদের সম্পৃক্ত করে রান্না করা খাবার সরবরাহের মডেল পরীক্ষা করা হবে। স্থানীয় বাজার থেকে শাকসবজি, ডিম, মাছসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে মায়েদের মাধ্যমে রান্না ও বিতরণের সম্ভাব্য পদ্ধতি পাইলট প্রকল্পে যাচাই করা হবে। সরকারের মূল লক্ষ্য প্রতিটি শিশুর কাছে সময়মতো নিরাপদ, মানসম্মত ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া।
তিনি বলেন, মাদারস কমিটির নজরদারির ফলে মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও অভিযোগ কমেছে। খাবারের মান, স্বাদ বা সরবরাহে অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ববি হাজ্জাজ আরও জানান, শিক্ষকদের প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন, মূল্যায়নভিত্তিক পদোন্নতি, নতুন বদলি নীতি এবং দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিদ্যালয়ভিত্তিক দুর্গম ভাতার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক সংকট দূর করতে শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় সহায়ক জনবল দেওয়ার কাজও এগিয়ে চলছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে 'কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি' এই পাঁচটি ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
জ/উ