ইরান ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ‘বিশ্বাসের সংকট’ দূর করতে দুই দেশের মধ্যে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক।
সোমবার (২৪ আগস্ট) ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইরাকের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি।
তিনি জানান, বাগদাদের পক্ষ থেকে ইতোমধ্যে ইরান ও সৌদি আরব—উভয় দেশের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
ইরাকিয়া টিভিকে আল-আরাজি বলেন, ইরান ও সৌদি আরবের সম্পর্কের অন্যতম প্রধান সমস্যা হলো পরস্পরের প্রতি গভীর অবিশ্বাস। তাঁর মতে, দুই দেশের মধ্যে যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের দ্বিধা ও আঞ্চলিক টানাপোড়েন কমানোর পথ তৈরি হতে পারে।
বাগদাদ মনে করছে, এই সমঝোতার উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানো সম্ভব হবে। সূত্র: ডন
জ/উ