সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। গতকাল শনিবার বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়া, সার উত্তোলন এবং গুদামে মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনী বার্তা জানাতে হবে। সারের বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ এবং অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকির নির্দেশও দেওয়া হয়েছে।
বিএফএ সতর্ক করে জানিয়েছে, নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কুচক্রী মহল যাতে অতিরিক্ত দামে সার বিক্রি করে এর দায় ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জ/উ