লালমনিরহাট সদর উপজেলায় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের বাস্তবায়নে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এডুকেশন অ্যাবাভ অল’ (Education Above All)-এর অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ লায়লা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ এস এম আনিসুর রহমান এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আশরাফুল আলম, ডেপুটি ম্যানেজার (দক্ষতা উন্নয়ন কর্মসূচি) নিতিশ কুমার বাওয়ালী, রিজিওনাল ম্যানেজার (জিজেডি) ফারজানা নাজ, জেলা ব্যবস্থাপক মোঃ মমিনুল ইসলাম ও শিশির রঞ্জন রায়, প্রোগ্রাম অর্গানাইজার রোমী দাস ও মোঃ সাঈদ আফরোজ নিবিড়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রম তরুণদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্পের সমাপ্তি শুধু একটি কার্যক্রমের শেষ নয়, বরং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের জন্য সফলতার নতুন অধ্যায়ের সূচনা। তরুণ উদ্যোক্তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সমাপনী সভায় স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।