জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-17T13:53:22+06:00
2026-08-17T13:53:22+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ট্রেড লাইসেন্সে টাকা নেওয়ার অভিযোগ, ডিএসসিসির কর্মকর্তা অব্যাহতি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৫৩ পিএম 
ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগের মুখে ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন এবং ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের কর্মকর্তারা ছাড়াও ডিসিসিআই নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক বা অনস্পট ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নসংক্রান্ত রাজস্ব ক্যাম্প চলাকালে দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার কথা বলে নগদ অর্থ নিয়েছেন।

তবে অর্থবছর শেষ হওয়ার পর দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ওই ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একাধিকবার অভিযোগ করেছেন।

অভিযোগে আরও বলা হয়, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করা হয়েছে।

সভায় ব্যবসায়ী নেতার অভিযোগের বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান ডিএসসিসির প্রশাসক। পরে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]