পেপ গার্দিওলার বিদায়ের পর নতুন কোচ এনজো মারেস্কার অধীনে নতুন অধ্যায় শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তবে সেই শুরুটা হলো হতাশাজনকভাবে। কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে সিটি।
কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ২৪ সেকেন্ডেই পিছিয়ে পড়ে সিটি। রিকার্দো কালাফিওরির দ্রুত গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির আগে কাই হাভার্টজের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।
পুরো ম্যাচেই সিটিকে বেশ এলোমেলো মনে হয়েছে। আর্সেনালের তীব্রতা ও আক্রমণাত্মক ফুটবলের সামনে তাল হারিয়ে ফেলে মারেস্কার দল। দ্বিতীয়ার্ধে আরও একবার জালের দেখা পায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।
মারেস্কার জন্য ইংলিশ ফুটবলে এটি অবশ্যই নতুন অভিজ্ঞতা নয়। গেল মৌসুমের শুরুতে চেলসির কোচের দায়িত্বে ছিলেন তিনি এবং ক্লাবটিকে জিতিয়েছিলেন ক্লাব বিশ্বকাপ। তবে মৌসুমের মাঝপথে লন্ডনের ক্লাবটি তাকে ছাঁটাই করে। চলতি মৌসুমের শুরুতে গার্দিওলার উত্তরসূরি হিসেবে সিটির দায়িত্ব নেন মারেস্কা। কমিউনিটি শিল্ডের এই ম্যাচে আর্সেনালের বিপক্ষে পার্থক্যটা স্পষ্ট হয়েছে, ফলে সেই ব্যবধান কমাতে তাকে কতটা কাজ করতে হবে, সেটিও সামনে এসেছে।
সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার জন্যও দিনটি ভালো যায়নি। কালাফিওরির প্রথম গোলের পর বিরতির পর ওডেগার্ডের গোলেও তিনি পরাস্ত হন। চতুর ডামি দিয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করে কাছ থেকে বল জালে পাঠান আর্সেনালের অধিনায়ক।
নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেওয়া ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের জন্যও ম্যাচটি ছিল নতুন ক্লাবের হয়ে প্রথম বড় মঞ্চ। তবে আর্সেনালের বিপক্ষে নিজের উপস্থিতি খুব একটা জানান দিতে পারেননি তিনি।
সিটির তারকা ফরোয়ার্ড এর্লিং হালান্ডও ছিলেন নিষ্প্রভ। প্রথমার্ধে দুটি ভালো সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
গার্দিওলার অধীনে গত এক দশকে ২০টি ট্রফি জিতেছে সিটি। বিদায়ী মৌসুমেও দলটি এফএ কাপ ও লিগ কাপ জিতেছিল। তবে ২০২৪ সালের পর থেকে লিগ শিরোপা জিততে পারেনি তারা। গত মৌসুমে আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে মৌসুম শেষ করে সিটি।
কমিউনিটি শিল্ডের হতাশা পেছনে ফেলে এখন প্রিমিয়ার লিগের লড়াইয়ে মনোযোগ দিতে হবে মারেস্কার দলকে। আগামী ২৩ আগস্ট ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ম্যানচেস্টার সিটি।
জ/উ