আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-16T13:33:42+06:00
2026-08-16T13:33:42+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে মিশরও যোগ দিতে পারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৩৩ পিএম 
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশর ভবিষ্যতে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জোটটি অন্য দেশগুলোর জন্যও উন্মুক্ত এবং মিশরের অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে।

এরদোয়ান জানান, মক্কায় স্বাক্ষরিত চুক্তির আওতায় কোনো সদস্য দেশ বাইরের কোনো পক্ষের হামলার শিকার হলে অন্য দুই দেশ সম্মিলিতভাবে পদক্ষেপ নেবে। তিনি এটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেন।

গত ৭ আগস্ট মক্কায় চুক্তিতে সই করেন এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকেরা এর এই বিধানকে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে তুলনা করেছেন। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, এটিকে ন্যাটোর সমতুল্য বা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে জোট হিসেবে দেখা ঠিক হবে না।

চুক্তির আওতায় তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কৌশলগত ও সামরিক সমন্বয়ের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থল, নৌ ও বিমানবাহিনীর যৌথ মহড়া, আকাশ প্রতিরক্ষা ও মানববিহীন ব্যবস্থায় সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে যৌথ উন্নয়ন, উৎপাদন, প্রযুক্তি বিনিময় ও রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটির লক্ষ্য তিন দেশের প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও দীর্ঘস্থায়ী ভিত্তি দেওয়া। মানববিহীন ও স্বয়ংক্রিয় ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতেও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট নিয়েও কথা বলেন এরদোয়ান। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াকে তুরস্কের অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, প্রণালিটি বন্ধ থাকায় কারও স্বার্থ রক্ষা হচ্ছে না। আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় কাতারের ভূমিকাও প্রশংসা করেন তিনি।

সিরিয়া প্রসঙ্গে এরদোয়ান বলেন, আঞ্চলিক অস্থিরতার মধ্যে তুরস্ক প্রতিবেশীদের একা ছেড়ে যাবে না। সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সবকিছু করার পাশাপাশি দেশটির কুর্দিদেরও শান্তি ও স্থিতিশীলতার প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি।

গাজা প্রসঙ্গে তিনি বলেন, তুরস্ক গাজাকে একা ছেড়ে যেতে পারে না এবং সেখানকার মানুষের সহায়তায় প্রয়োজনীয় সবকিছু করবে। হামাস তার প্রতিশ্রুতিগুলো আন্তরিকভাবে পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে লেবাননের যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার বিষয়টি তিনি তুলেছেন বলেও জানান।

সুদান ও লিবিয়া নিয়েও কথা বলেন এরদোয়ান। সুদানের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে জানিয়ে তিনি দেশটির সার্বভৌমত্ব পরিষদের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে তার সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন। লিবিয়ার সঙ্গেও তুরস্কের সম্পর্ক স্থিতিশীল এবং দেশটিকে আঙ্কারা পরিত্যাগ করবে না বলে জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ নিয়েও হতাশা প্রকাশ করেন এরদোয়ান। তার দাবি, ইইউ তুরস্ককে সদস্য করতে আগ্রহী নয়। তাই ইইউর সদস্য হওয়া এখন আর আঙ্কারার অগ্রাধিকার নয় বলেও জানান তিনি। তার মতে, এর ফলে শেষ পর্যন্ত ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার বিষয়েও কথা বলেছেন এরদোয়ান। তিনি জানান, এ বিষয়ে ট্রাম্পের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন এবং সেটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন।

২০১৯ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা ছিল, এস-৪০০ ব্যবস্থার কারণে এফ-৩৫-এর গোপন প্রযুক্তি ঝুঁকিতে পড়তে পারে। গত মাসে আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্প বলেছিলেন, এস-৪০০ কেনার কারণে তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এফ-৩৫ কর্মসূচিতে তুরস্কের ফেরার বিষয়টি তার প্রশাসন বিবেচনা করছে।

তবে তুরস্কের এফ-৩৫ কর্মসূচিতে ফেরার পথে এখনো মার্কিন কংগ্রেসের বিরোধিতা রয়েছে। ২০২০ সালের একটি মার্কিন আইন অনুযায়ী, তুরস্ক এস-৪০০ ব্যবস্থা বহাল রাখলে দেশটির কাছে এফ-৩৫ হস্তান্তর করা যাবে না।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]