জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-08T10:22:51+06:00
2026-08-08T10:22:51+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজনীতি
জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে ইতিহাসে নির্বোধ প্রমাণিত হতে হয়: তথ্যমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:২২ এএম 
জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝতে পারেন না এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের জন্য অপ্রতিরোধ্য মনে করেন, ইতিহাস বারবার তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক প্রদর্শনী বিতর্ক, প্যানেল আলোচনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মানুষের মর্যাদা, গণতান্ত্রিক অধিকার ও সাম্য নিশ্চিত হবে। তবে সেই আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ কারণে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে জনগণকে আন্দোলন-সংগ্রামে নামতে হয়েছে।

তিনি বলেন, কোনো সমাজে যখন গণআকাঙ্ক্ষা তৈরি হয়, তখন শাসকগোষ্ঠী যদি তা বুঝতে ব্যর্থ হয় এবং রাষ্ট্রীয় শক্তির ওপর নির্ভর করে নিজেদের অপরাজেয় মনে করে, ইতিহাস বারবার প্রমাণ করেছে তাদের সেই ধারণা কতটা ভুল।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, ‘সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে বাংলাদেশের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং নতুন সম্ভাবনার সূচনা হয়েছে।’

তিনি বলেন, সেই সম্ভাবনা দেশকে সবচেয়ে কম বিতর্কিত একটি জাতীয় নির্বাচনের দিকে নিয়ে যেতে পেরেছে। ওই নির্বাচনের মধ্য দিয়ে বর্তমানে একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ করা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, এত রক্ত, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ কতটা এগোতে পেরেছে, সেটিই এখন বড় প্রশ্ন। গণতান্ত্রিক রূপান্তর কতটা দ্রুত, কতটা সঠিক পথে এবং কোন দিক দিয়ে এগোচ্ছে—এসব বিষয় নিয়ে আলোচনা ও বিতর্ক প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের সংকটের অন্যতম কারণ হলো বাস্তব বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় বিতর্কের সংস্কৃতি গড়ে না ওঠা। এ কারণে ডিবেটিং সোসাইটির মতো সংগঠনের কার্যক্রমকে সাংস্কৃতিক আন্দোলনে পরিণত করার প্রয়োজন রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতিকে ইবাদতের মতো করে চর্চা করেছেন এবং এখনও করছেন। জীবনের বাকি সময়েও একইভাবে রাজনীতির চর্চা করে যেতে চান বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার যথাযথভাবে সম্পন্ন করতে সময় দেওয়ারও প্রয়োজন রয়েছে।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]