জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-08-01T18:42:57+06:00
2026-08-01T18:42:57+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা, সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৪২ পিএম 
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে ছিটকে পড়ে শৌভিক রায় (২৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে দরিয়ানগর এলাকায় সি স্পোর্টস পরিচালিত প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রায় খুলনা জেলার বাসিন্দা। তিনি নয় সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক। পরে সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে, কক্সবাজারে প্যারাসেইলিং কার্যক্রমকে ঘিরে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত বছরের ৩০ আগস্ট দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় এক পর্যটক ঝাউগাছের ডগায় আটকে দীর্ঘ সময় ঝুলে থাকেন। পরে তাকে উদ্ধার করা হলেও ওই ঘটনার পরদিন জেলা প্রশাসন সাময়িকভাবে সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।

এর আগে ২০২৫ সালের ২০ মে একই সৈকতে প্যারাসেইলিংয়ের সময় এক পর্যটক দম্পতি সমুদ্রে ছিটকে পড়ে আহত হন। সে সময় প্রশাসনের দাবি ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিয়ম ভেঙে একসঙ্গে দুজনকে নিয়ে উড্ডয়ন করানো হয়েছিল। ওই ঘটনার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরঞ্জাম জব্দ করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

একই বছরের আরেক ঘটনায় এক নারী পর্যটক প্যারাসেইলিং চলাকালে সমুদ্রে পড়ে আহত হন। তখনও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে কক্সবাজারে প্যারাসেইলিং পরিচালিত হলেও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারির ঘাটতি রয়েছে। একের পর এক দুর্ঘটনার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর, নিয়মিত কারিগরি পরীক্ষা, কার্যকর মনিটরিং এবং কঠোর জবাবদিহিতা নিশ্চিত না করলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। নিরাপত্তা মান যাচাই না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রেখে নতুন নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালে উপস্থিত জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট (পর্যটন) মোহাম্মদ মাহমুদুর রহমান সায়েমের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যান।

জ/শা




  বিষয়:   কক্সবাজার  প্যারাসেইলিং দুর্ঘটনা  পর্যটকের মৃত্যু 



Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]