শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচিতে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে বাসে রংপুরের উদ্দেশে যাত্রাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
পরে বিমানবন্দর থেকে বাসে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। যাত্রাপথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভায় অংশগ্রহণ ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন তিনি। সেখান থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় একটি মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
রাজশাহী সফর শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।
জ/উ