ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় শুক্রবার পরিচালিত ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল-বালাহর আবু আরিফ স্ট্রিটে ইসরায়েলি হামলায় আহত ৩৩ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ ফাতায়ের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই এলাকায় দেইর আল-বালাহর উত্তর-পূর্বে সালাহ আল-দিন সড়কে পৃথক হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ আবদেল নাসের আল-খাতিব নিহত হন।
স্থানীয় কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী, আবু আরিফ স্ট্রিটে একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালালে দুই ফিলিস্তিনি আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
অন্যদিকে, গাজার আল-আওদা হাসপাতালের তথ্য অনুযায়ী, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি আহত হন।
সূত্রগুলোর দাবি, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ফোনে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার পর যুদ্ধবিমান একটি বহুতল ভবনটি ধ্বংস করে।
চিকিৎসকদের বরাতে জানানো হয়, দেইর আল-বালাহর দক্ষিণে একটি বাড়িতে পৃথক ইসরায়েলি হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাসলাহ এলাকায় একটি ইসরায়েলি ড্রোনের হামলায় বেসামরিক কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এ ছাড়া উত্তর গাজা সিটির আল-সাফতাউই মহল্লায় ইসরায়েলি হামলায় আরও চারজন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জ/উ