রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সময় ক্লাব নটরডেমিয়ান্সের জন্য জায়গা বরাদ্দের আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করে। রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
নটরডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়। এসব কারণে কয়েক যুগ ধরে কলেজটি দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশের অন্যান্য কলেজের জন্য দৃষ্টান্তস্বরূপ।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ সময় ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়। রাষ্ট্রপতি ক্লাবের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
জ/দি