শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুরে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও অন্যান্য বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
এ সময় সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মুন অ্যালার্ট দেশব্যাপী কার্যকর করা, দীর্ঘদিন ধরে নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রম জোরদারে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তাঁরা।
রাষ্ট্রপতি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে তাঁদের আশ্বস্ত করেন তিনি।
শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান রাষ্ট্রপতি। এ বিষয়ে একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ শৈশব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
জ/দি