গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সিন্ডিকেট গড়ে তুলে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখক সমিতির কয়েকজনের যোগসাজশে এসব কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্র ও একাধিক সেবাগ্রহীতার অভিযোগ, মুকসুদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম, ঘুষ লেনদেন ও দালাল চক্রের দৌরাত্ম্য চলে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসন কিংবা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে কার্যকর কোনো অভিযান বা ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, জমি ক্রয়-বিক্রয়ের দলিল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা নিতে গিয়ে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দিতে হতো সেবাগ্রহীতাদের। ফাইল প্রক্রিয়াকরণ, দ্রুত দলিল সম্পাদনসহ বিভিন্ন অদৃশ্য খরচের কথা বলে একটি চক্র এই অর্থ আদায় করত। চাহিদামতো টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা এবং নানা অজুহাতে সেবাগ্রহীতাদের হয়রানি করা হতো বলেও অভিযোগ পাওয়া গেছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, রেজিস্ট্রি দলিলের মূল্যের ওপর সরকারি হিসাবে প্রতি লাখ টাকায় পে-অর্ডারের জন্য সাড়ে ৭ শতাংশ অর্থ দেওয়ার কথা। তবে অভিযোগ রয়েছে, মুকসুদপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে ৮ থেকে ৯ শতাংশ হারে অর্থ আদায় করা হতো।
এ ছাড়া একটি প্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির ক্ষেত্রে পে-অর্ডার বাবদ দেড় থেকে দুই হাজার টাকা খরচ হওয়ার কথা থাকলেও সেবাগ্রহীতাদের কাছ থেকে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি অর্থ দিতে হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে আরএস পর্চার নামের একটি অক্ষরের ভুল থাকলেও এক ও দুই দলিলে বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে অতিরিক্ত অর্থ আদায় করা হতো বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং দলিল লেখক সমিতির কয়েকজন পদধারীর যোগসাজশে ঘুষের বিনিময়ে দলিল সম্পাদনের কার্যক্রম পরিচালিত হতো বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। তাঁদের ভাষ্য, ঘুষ ছাড়া ওই কার্যালয়ে কোনো ফাইলের কাজ এগোত না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা জানান, দলিল নিবন্ধন করতে গিয়ে নির্ধারিত ফির বাইরেও অতিরিক্ত টাকা দিতে হয়েছে তাঁদের। টাকা না দিলে ফাইল যাচাইয়ের নামে অযথা সময়ক্ষেপণ করা হতো। দলিলদাতার টিপসই নেওয়ার সময় অতিরিক্ত ১ হাজার ১০০ টাকা নেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে। বারবার ভুল ধরিয়ে দিয়ে সেবাগ্রহীতাদের কার্যালয়ে আসতে বাধ্য করা হতো বলে দাবি তাঁদের।
স্থানীয় কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, সাব-রেজিস্ট্রার আবুল হোসেন ও অফিস সহকারী এনায়েত হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ আগে থেকেই রয়েছে। তাঁদের ছত্রচ্ছায়ায় কার্যালয়ের বাইরে একটি শক্তিশালী দালাল চক্র সক্রিয় ছিল বলেও অভিযোগ করেন তাঁরা।
অভিযোগ অনুযায়ী, এই চক্রের সদস্যরা কার্যালয়ে প্রবেশের আগেই সেবাগ্রহীতাদের কাছে গিয়ে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ দাবি করতেন। দালালদের মাধ্যমে না গিয়ে সরাসরি সেবা নিতে চাইলে নানা অজুহাতে হয়রানি করা হতো বলেও অভিযোগ রয়েছে। দালালদের সঙ্গে কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর গোপন যোগাযোগ ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
দলিল লেখক সমিতির বর্তমানে অকার্যকর কমিটির নেতা আসাদুজ্জামান, অশোক মন্ডল, ইমারান হোসেন ও রাজু মিয়াসহ কয়েকজন নিজ নিজ সুবিধার কারণে সাব-রেজিস্ট্রারকে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেও অভিযোগগুলোর বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি চলতি মাসের ১০ নভেম্বর অবসরে গিয়েছি। আমার বিরুদ্ধে যদি কোনো অথেনটিক অভিযোগ থাকে, তাহলে আপনি নিউজ করতে পারেন।”
জ/দি