ঢালিউডের পরিচিত অভিনেত্রী শবনম বুবলী দীর্ঘদিন ধরেই সিনেমায় অনিয়মিত। রুপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি রয়েছে। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের পরিচিতি গড়ে তোলার পথে এগোচ্ছেন তিনি। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য।
দীর্ঘ অপেক্ষার পর প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম কাজ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘বিগ প্রোডাকশন’-এর যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন বুবলী। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটির ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম কাজ নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।
এদিকে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়েই বর্তমানে বেশি ব্যস্ত সময় পার করছেন বুবলী। গত ১১ মে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে তার উপস্থিতিও চোখে পড়ছে না। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও প্রচারে দেখা যায়নি তাকে।
তবে অভিনয়ে বুবলীর ফেরার সম্ভাবনা এখনো রয়েছে। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে সিনেমাটিতে বুবলীর অংশের শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়া নতুন সিনেমায় কাজের বিষয়ে কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনা চলছে বলেও জানা গেছে।
সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগো প্রকাশ এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় উপস্থিতির মধ্য দিয়ে জনসমক্ষে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছেন বুবলী। তবে নিয়মিত অভিনয়ে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেওয়াতেই মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।
স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। এর চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি।
প্রযোজক হিসেবে নিজের প্রথম কাজের স্বীকৃতি পাওয়ার বিষয়ে আশাবাদী শবনম বুবলী। ‘বিগ প্রোডাকশন’-এর পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
জ/দি