১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-11-22T20:17:42+06:00
2026-11-22T20:17:42+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অর্থনীতি
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
অর্থনীতি ডেস্ক
⏲ ৮:১৭ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের তৈরি পোশাকশিল্পে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি কারখানায় উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ক্রেতাদের আস্থার সংকটে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে চলে গেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি জরিপ চালিয়েছে সংগঠনটি। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষতির পরিমাণ নিরূপণে এ জরিপ পরিচালনা করা হয়। এতে ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। এসব কারখানায় উৎপাদন বন্ধ থাকায় ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

সংগঠনটি আরও জানায়, সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং সরাসরি অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

বিজিএমইএর তথ্যমতে, অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। এরই মধ্যে ক্রেতারা নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

তবে জরিপে উঠে আসা পরিসংখ্যানকে প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র হিসেবে উল্লেখ করেছে বিজিএমইএ। সংগঠনটির দাবি, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে।

বিজিএমইএর মতে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির হিসাব দিয়ে এই পরিস্থিতির গভীরতা পুরোপুরি বোঝা সম্ভব নয়। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর বড় ধরনের আঘাত এসেছে। এরই মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রপ্তানি আদেশ অন্য দেশে চলে গেছে, যা দেশের পোশাকশিল্পের জন্য দীর্ঘমেয়াদি উদ্বেগের বিষয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত