পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-22T19:48:16+06:00
2026-11-22T19:48:16+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৪৮ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একযোগে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণের ওপর বিশেষ জোর দিয়েছেন।

আজ রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে। বর্তমান সরকার এ অঞ্চলের দুর্গম এলাকায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতির চাকাকে আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর।

ইউএনডিপির চলমান কার্যক্রমের সঙ্গে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে পার্বত্য চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপি বাংলাদেশ সরকারের পাশে থেকে সহযোগিতা আরও জোরদার করবে।

বৈঠকে ইউএনডিপির প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে। তারা জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষিপদ্ধতি, উদ্যানপালন (হর্টিকালচার), মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও অনুদান দিয়ে আসছে ইউএনডিপি। এ ছাড়া ‘পাড়া উন্নয়ন কমিটি’ গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হচ্ছে।

প্রতিনিধি দল আরও জানায়, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণে কমিউনিটিভিত্তিক প্রকল্প পরিচালনা করছে ইউএনডিপি। পাশাপাশি পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিতেও কাজ করছে সংস্থাটি।

আলোচনাকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, পর্যটন শিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদি অংশীদারত্বের জন্য ধন্যবাদ জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

সাক্ষাৎকালে ইউএনডিপি বাংলাদেশ কার্যালয়ের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত