সংস্কার ছাড়া চা-বিরিয়ানি খেয়েও আলোচনায় সমাধান আসবে না: এমপি মাসুদ

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-21T16:31:37+06:00
2026-11-21T16:31:37+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
সংস্কার ছাড়া চা-বিরিয়ানি খেয়েও আলোচনায় সমাধান আসবে না: এমপি মাসুদ
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩১ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
চা খাওয়ার মধ্য দিয়ে দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনার সূচনা হয়েছে। তবে জুলাই সনদ, গণভোট ও মৌলিক সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শুধু চা নয়, বিরিয়ানি খেলেও সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়ার প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আবার এক হয়ে কাজও করতে হবে। চলমান সংকট যদি আরও ঘনীভূত হয়, তাহলে জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে থাকতে হবে, বিশেষ করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই চা খাওয়ার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। এটা পরবর্তীতে আলোচনা হবে এবং সেই আলোচনায় অবশ্যই গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের দলীয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা অপরাধী, গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিচার এবং গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য মৌলিক সংস্কার-এই চার মৌলিক বিষয়ে সমাধান না হওয়া ছাড়া শুধু চা খাওয়া নয়, বিরিয়ানি খেয়েও এর সমাধান হবে না।’

তার মতে, গণভোট, জুলাই সনদ, বিচার ও সংস্কারের কার্যক্রম শুরু হলেই ঐক্যের সেতুবন্ধন তৈরি হবে।

দেশের চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, রাষ্ট্র থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা কার্যকর করার ভূমিকা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তিনি বলেন, ‘একটা রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ল অ্যান্ড অর্ডার যে এনফোর্স করার দরকার, সেই জায়গাটা নিষ্ক্রিয়। সেটা ব্যর্থ হয়েছে, এটা ঠিক। যে একটা জেলা, এটা তো এ দেশেরই একটা অংশ। সেরকম একটা জায়গায় দুইটা থানাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, পুলিশ সেখান থেকে চলে এসেছে।’

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা থাকা প্রয়োজন ছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

স্থানীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একক প্রার্থী দেওয়ার ঘোষণায় ১১ দলীয় ঐক্যে কোনো ফাটল দেখা দিয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্থানীয় নির্বাচন সব সময় নির্দলীয়। তাই এ ক্ষেত্রে জোটের প্রশ্ন আসে না।

তিনি বলেন, প্রত্যেক দলের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং জনপ্রতিনিধি তৈরি করার সুযোগ রয়েছে। জামায়াতে ইসলামী মনে করে, জোট তার নিজস্ব কর্মসূচি নিয়ে কাজ করবে। অন্যদিকে স্থানীয় নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ অবস্থান থেকে প্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে যাবে এবং নিজেদের বক্তব্য তুলে ধরবে। জনগণ যাকে গ্রহণ করবে, তিনিই নির্বাচিত হয়ে আসবেন। এ ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই বলে জানান তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত