এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-21T16:05:34+06:00
2026-11-21T16:05:34+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
স্পোর্টস ডেস্ক
⏲ ৪:০৫ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
অস্ট্রেলিয়ান ক্রিকেটে আট বছর আগের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও প্যাট কামিন্স-জশ হ্যাজলউডরা, অন্যদিকে ‘পুরো দলই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানত’-এমন দাবিতে একই অবস্থানে রয়েছেন উসমান খাজা, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এই বিতর্কের মধ্যে সম্প্রচারমাধ্যম ফক্স স্পোর্টসের ধারাভাষ্য প্যানেল থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে খাজা ও ওয়ার্নারকে।

শনিবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের পর সংক্ষিপ্ত সংস্করণের এই লড়াইয়েও ফক্স স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে থাকার কথা ছিল খাজা ও ওয়ার্নারের। তবে চলমান বিতর্কের কারণে এই সিরিজে তাদের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রচারমাধ্যমটি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে দুজনকে আবারও ধারাভাষ্য বক্সে দেখা যাবে বলে জানা গেছে।

ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রাউলি জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েক সপ্তাহের জন্য খাজা ও ওয়ার্নারকে সম্প্রচার কার্যক্রম থেকে বিরতি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উসমান ও ডেভি-উভয়কেই আগামী কয়েক সপ্তাহের জন্য আমাদের সম্প্রচার কার্যক্রম থেকে বিরতি দেওয়া হবে। আমরা আমাদের ধারাভাষ্য দলের সকল সদস্যকে সবসময় সমর্থন করি এবং বিভিন্ন ধরনের মতামতের প্রতি স্বাগত জানাই, যা আমাদের গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমের একটি বৈশিষ্ট্য।’

চলমান পরিস্থিতিতে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দিতে গিয়ে খাজা ও ওয়ার্নার চাপের মুখে পড়ছেন বলে মনে করেন ক্রাউলি। একই সঙ্গে এই বিতর্কের কারণে ক্রিকেট থেকে দর্শকদের মনোযোগ সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ক্রাউলির ভাষায়, ‘প্রতিটি নতুন মন্তব্যের জবাব দেওয়ার ক্ষেত্রে তারা যে চাপের মুখে থাকেন, আমরা তা বুঝি। পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তাতে খেলার ওপর মনোযোগ ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে মনে করি। ধারাভাষ্যকারদের এমন পরিস্থিতিতে ফেলা তাদের প্রতি অবিচার। আমাদের মূল লক্ষ্য হলো দর্শকদের কাছে অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেটের সেরা সম্প্রচার পৌঁছে দেওয়া। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব।’

এদিকে শনিবার সকালে অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের দায়িত্ব বহাল রাখার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএর সভায় এই তারকা পেসারের প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ জানানো হয়েছে।

এক বিবৃতিতে কামিন্স বলেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া অনেক বড় দায়িত্বের বিষয়। আমি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না। এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেট পরিচালনা করা ডেভিড ও টডের জন্য বেশ চ্যালেঞ্জিং।’

২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব পান কামিন্স। তার নেতৃত্বেই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

স্যান্ডপেপার-কাণ্ডে ক্ষতিগ্রস্ত সবার প্রতি উদ্বেগ প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘প্যাটের প্রতি আমাদের সমর্থনের কথা জানিয়েছি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় প্রভাবিত প্রত্যেকের প্রতিও আমাদের উদ্বেগ রয়েছে। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে দলীয় সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে-এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত