খুলনা অঞ্চলে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়ে তোলা হবে এনার্জি হাবও মহেশখালীর পাশাপাশি খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। খুলনা অঞ্চলে ১৫ থেকে ২০ মিটার গভীরতার ড্রাফট থাকায় সেখানে গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মহেশখালীতে একটি পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। এর পাশাপাশি খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। খুলনা অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার।
তিনি আরও জানান, খুলনা অঞ্চলে একটি এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব অর্থনৈতিক সম্ভাবনা ও সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
অর্থমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে খুলনা অঞ্চলে গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠার সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে বন্দরকেন্দ্রিক শিল্পায়ন, আমদানি-রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি খুলনা ও আশপাশের জেলাগুলোর যোগাযোগ, লজিস্টিকস ও অবকাঠামোগত উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ রয়েছে।
তবে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য স্থান নির্বাচন, কারিগরি ও পরিবেশগত সমীক্ষা, নৌ-চলাচলের উপযোগিতা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।
জ/দি