এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার চীনের শেনঝেনে বৈঠকে বসার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তিন দেশের এই শীর্ষ বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরান পরিস্থিতি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু করা যুদ্ধের বিষয়টি আলোচনায় তুলতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ গবেষক ফ্রেডরিক ভেসলাউ বলেন, পুতিন চান, তিন দেশ অন্যদের ভূরাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করুক। তবে ইউরোপীয়দের বাদ দিয়ে ইউরোপের নিরাপত্তার মৌলিক প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
হাডসন ইনস্টিটিউটের গবেষক সিপোরা ফ্রিডের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের পাশে উপস্থিত থাকাই রাশিয়ার বিশ্বশক্তির মর্যাদা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
বৈঠকে পরমাণু অস্ত্রভান্ডার নিয়েও আলোচনা করতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের পাঁচ হাজারের বেশি পরমাণু অস্ত্র থাকলেও চীনের রয়েছে ছয় শতাধিক। দুই দেশের মধ্যে সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ট্রাম্প এখন চীনকে যুক্ত করে নতুন ও উন্নত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে চান। তবে তুলনামূলক ছোট পরমাণু অস্ত্রভান্ডারের কারণে বেইজিং এত দিন এ ধরনের আলোচনায় আগ্রহ দেখায়নি।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প সোমবার বলেন, ইরান ও পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হবে। ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চীন জানিয়েছে, সংঘাত পুনরায় শুরু হওয়া ঠেকানো তাদের প্রধান অগ্রাধিকার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৈঠকটিকে যুগান্তকারী গুরুত্বের বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, বিশ্বশান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হবে।
এদিকে, চীনে পৌঁছানোর পর ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানান শি জিনপিং। গবেষক সিপোরা ফ্রিডের মতে, এ বৈঠক চীনকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে তুলে ধরতে পারে। তবে আলোচনা থেকে বড় কোনো সমঝোতা আসবে কি না, তা এখনো অনিশ্চিত।
জ/দি