মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ইসরাইলের আইন ও সামরিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একটি দেশের বিরুদ্ধে দেওয়া রায় সরাসরি অন্য দেশের ক্ষেত্রে কার্যকর না হলেও মিয়ানমারের মামলায় তৈরি হওয়া আইনি নজির গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ১৯১ পৃষ্ঠার এই রায় পড়ে শোনানো হয়। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে দেখাতে হয়, সহিংসতা পরিচালনাকারীদের উদ্দেশ্য ছিল কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া। এত দিন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের ধারণা ছিল, লিখিত প্রমাণ ছাড়া এ ধরনের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। তবে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে আদালত ৯-৬ ভোটে সিদ্ধান্ত দেন, সরাসরি লিখিত প্রমাণ না থাকলেও বিভিন্ন ধরনের পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা সম্ভব।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের অভিযানে প্রায় ১ দশমিক ২ শতাংশ মানুষ নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। মিয়ানমারের সেনাবাহিনী অভিযানটিকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম হিসেবে বর্ণনা করলেও আদালত তা গ্রহণ করেননি। বরং দীর্ঘদিন ধরে অধিকার কেড়ে নেওয়া, বিদ্বেষমূলক বক্তব্য, হত্যা, ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা এবং গ্রাম ধ্বংসের মতো ঘটনাগুলো বিবেচনায় নিয়ে আদালত একে গণহত্যা হিসেবে রায় দেন।
এই রায় ইসরাইলের জন্যও বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ, এতে তৃতীয় পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাও তৃতীয় পক্ষ হিসেবে মামলা করেছে।
বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত জনগোষ্ঠীর একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান গণহত্যার শামিল হতে পারে—আদালতের এমন পর্যবেক্ষণ ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের যুক্তিকে দুর্বল করে দিতে পারে।
আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই এই রায় স্বস্তিদায়ক নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা ঐতিহাসিক এই রায়ে উল্লাস প্রকাশ করেছেন।
তবে বিশেষজ্ঞদের ধারণা, ইসরাইল ও গাজা-সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় পেতে এখনো এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে। সূত্র: দ্য টেলিগ্রাফ
জ/শা