বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। একই সঙ্গে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে তাঁকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তাঁর অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে।
জ/দি