ঢাকাই সিনেমার অ্যাকশন তারকা অনন্ত জলিল সম্প্রতি ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের গুঞ্জন নিয়ে আলোচনায় রয়েছেন। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা ও প্রযোজক।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দেওয়া ওই পোস্টে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে নিজের বিশ্বাস ও সৃষ্টিকর্তার প্রতি আস্থার কথা তুলে ধরেন অনন্ত জলিল। পাশাপাশি তাকে নিয়ে ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ এবং দোয়া করার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পোস্টের শুরুতে তিনি পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’—অর্থাৎ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি’ উল্লেখ করেন। এ ছাড়া ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’—অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী’—বাণীটিও তুলে ধরেন।
যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত জলিল লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
অন্যদিকে, তাকে নিয়ে টিআরপির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা কাজ করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তাদের জন্য দোয়া করে হেদায়েত কামনা করেন।
সম্প্রতি অনন্ত জলিলের মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। বিষয়টি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এ ছাড়া তার কয়েকটি কারখানা বন্ধের গুঞ্জন এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও নানা আলোচনা চলছে। এসব পরিস্থিতির মধ্যেই ফেসবুকে নিজের বিশ্বাস ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়ে পোস্ট দিলেন অনন্ত জলিল।