জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ২২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী গনমাধ্যমকর্মীদের মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওই দিন সকালে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ-ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেন।
সেদিন সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন ধর্মঘটের সমর্থকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।