মাত্র দুই ঘণ্টার পরিচয়ে এক তরুণীর সঙ্গে ঘুরতে বেরিয়ে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ হোসেন (২৮)। গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে তাঁর সঙ্গে থাকা বান্ধবী রিয়া খাতুনও গুরুতর আহত হয়েছেন। নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে। আহত রিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা।
আহত রিয়া বলেন, সন্ধায় আমাদের কথা হয় ২ ঘন্টা আগে। এ সময় আমি বাসার উদ্দেশ্য চুয়াডাঙ্গা শহরে সৌরভের দোকানের সামনে থেকে ডিঙ্গেদহ বাজার যেতে চাইলে সৌরভ বলেন দুজনে চা খেয়ে আমাকে পৌছে দিবেন। এরপর চা খাওয়ার উদ্দেশ্যে ঝিনাইদহে রওয়ানা হলে ভেটেরিনারি নামক স্থানে দূর্ঘটনার স্বীকার হই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সৌরভ ও রিয়া মোটরসাইকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে সড়কের একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৌরভের মৃত্যুর খবর চুয়াডাঙ্গা শহরে ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো দেখতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত গুলশানপাড়ার বাসভবনে ভিড় করেন ছাত্রদলের নেতাকর্মী, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশীরা।