নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দলটির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এদিন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরে সিপাহি-জনতা তাঁকে বরণ করে নেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অনেক নেতা থাকলেও তাঁদের কেউ স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস পাননি। অন্যদিকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি দেশের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক আমিনুল ইসলাম।
জ/দি