অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরালের ঘটনা টেনে অনেকে কটাক্ষ করছেন। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলে স্পষ্ট জানিয়েছেন প্রভা। তাঁর বক্তব্য, কোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি সব সময় কথা বলবেন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’
একজন নারীর সব কর্মকাণ্ডের সঙ্গে একমত না হলেও তাঁকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই বলে মনে করেন প্রভা। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে আমি একমত নাও হতে পারি। তার অসদাচরণ বা মানুষকে গালিগালাজ করা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তার আচরণ আমি সমর্থন করি না। কিন্তু তাই বলে তাকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই। তার পছন্দ ও চরিত্রের বিচার তার এবং সর্বশক্তিমানের মধ্যে। তার মর্যাদা নিয়ে বিতর্কের সুযোগ নেই।’
প্রভা আরও স্পষ্ট করেছেন, কোনো নারীর পাশে দাঁড়ানোর অর্থ তাঁর সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়। বরং অসম্মান, হয়রানি ও অনিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নেওয়াই তাঁর মূল উদ্দেশ্য।
পরীমনির অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে প্রভা লিখেছেন, ‘ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। সেই পরিস্থিতিতে তাকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করি।’
নিজের অতীতের একটি ঘটনা টেনে যারা তাঁকে কটাক্ষ করছেন, তাঁদেরও জবাব দিয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে তাঁর ভাষ্য, ‘যারা এমন একটি ঘটনার জন্য আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না—আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না। আপনাদের বিচার আমার পরিচয় নির্ধারণ করে না।’
পোস্টের শেষাংশে প্রভা জানান, একজন নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকেই তিনি বেশি গ্রহণযোগ্য মনে করেন। যাঁরা মনে করেন একজন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাঁদের রয়েছে, তাঁদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনি নীরব থাকতে চান না।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। পরে এক ভিডিও বার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন প্রভা। তাঁর ওই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। এবার সেই সমালোচনার জবাব দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী।
জ/দি