অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-07T13:38:58+06:00
2026-11-07T13:38:58+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৩৮ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- অমিতাভ বচ্চন
Advertisement
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া কোনো ধরনের বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দিল্লি হাইকোর্ট।

২০২২ সালে করা অমিতাভ বচ্চনের একটি মামলার চূড়ান্ত রায়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নির্দেশ দেন আদালত। বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ২০২২ সালের নভেম্বরে একই বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞাকেই স্থায়ী করা হলো।

রায়ে আদালত পর্যবেক্ষণে বলেন, কোনো ব্যক্তির পরিচিতি ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যায় না। বিশেষ করে এমনভাবে তা ব্যবহার করা যাবে না, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন বা মনে করেন, ওই ব্যক্তি কোনো পণ্য কিংবা সেবার অনুমোদন দিয়েছেন।

মোবাইল অ্যাপ, অনলাইন ডোমেইন, পোস্টার বিক্রি এবং কুইজ বইয়ের মাধ্যমে অনুমতি ছাড়াই নিজের পরিচিতি ব্যবহারের অভিযোগে মামলাটি করেছিলেন অমিতাভ বচ্চন।

মামলার চার বিবাদী আদালতের সঙ্গে সমঝোতায় পৌঁছান। তাদের মধ্যে ছিলেন একটি ভুয়া ভিডিও কল অ্যাপের নির্মাতা, অনুমতি ছাড়া কুইজ বই প্রকাশকারী, পোস্টার বিক্রেতা এবং একটি ডোমেইনের নিবন্ধক। সমঝোতার অংশ হিসেবে তাঁরা সংশ্লিষ্ট বিতর্কিত সম্পদ হস্তান্তর করেন। পাশাপাশি ভবিষ্যতে অমিতাভের নাম, ছবি বা পরিচিতি ব্যবহার করবেন না বলেও অঙ্গীকার করেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের দাবি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে মামলার বাকি চার বিবাদী আদালতে হাজির হননি। এমনকি তাঁরা কোনো লিখিত জবাবও দাখিল করেননি। এ পরিস্থিতিতে দেওয়ানি কার্যবিধির অর্ডার ৮, রুল ১০ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে রায় দেন আদালত।

ডিজিটাল মাধ্যমে পরিচিত ব্যক্তিদের নাম, ছবি ও কণ্ঠস্বরের অপব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। ফলে ভবিষ্যতে কেউ অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে অমিতাভ বচ্চনের নাম, ছবি, কণ্ঠস্বর কিংবা ব্যক্তিগত পরিচিতি ব্যবহার করলে তার বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে অভিনেতার। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত