জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-07T08:26:44+06:00
2026-11-07T08:26:44+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:২৬ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। ওই ঘটনার মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

পরবর্তী সময়ে সেনাবাহিনীর ভেতরে ও বাইরে একাধিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটলেও জিয়াউর রহমান দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন।

ইতিহাসের ধারাবাহিকতায় দেখা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এর পর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এসব ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তাঁর অনুসারী সেনাসদস্যদের নিয়ে অভ্যুত্থান ঘটান। এ সময় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসে বন্দি করা হয়।

এরপর নিজেকে সেনাপ্রধান ঘোষণা করে ৬ নভেম্বর বঙ্গভবনে যান খালেদ মোশাররফ। সেখানে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে গ্রেপ্তার করেন তিনি। একই সঙ্গে মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। পরে প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়।

এ পরিস্থিতিতে ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে সর্বস্তরের মানুষও রাজপথে নেমে আসে। সিপাহী-জনতার সম্মিলিত অভ্যুত্থানে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান।

পাল্টা অভ্যুত্থান প্রতিহত করতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন অনুসারীসহ নিহত হন খালেদ মোশাররফ। এ ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব সংহতির অধ্যায় তৈরি হয়। জিয়াউর রহমান আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

বিএনপির কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ৮টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতারা।

এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোভাযাত্রাটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত