আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসে ইতিহাস গড়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটের শীর্ষ ছয় দলের তালিকায় জায়গা করে নিয়েছে দলটি। এটি ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের ইতিহাসের সেরা অবস্থান।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, আফগানিস্তানের অর্জন ৯৪ রেটিং পয়েন্ট। শ্রীলঙ্কার পয়েন্টও সমান ৯৪ হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে আফগানরা। ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিষ্ঠিত ক্রিকেট খেলুড়ে দেশগুলোকেও পেছনে ফেলেছে তারা।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। ২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছিল তারা। এরপর ২০২৪ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় দলটি।
বর্তমান র্যাঙ্কিংয়ে ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। ১০২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ৯৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে ইংল্যান্ড। ৮১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নবম এবং ৭৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট আফগানিস্তানের চেয়ে সামান্য বেশি ছিল। তবে সর্বশেষ হালনাগাদে সমান ৯৪ পয়েন্ট নিয়েও আফগানিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছে। ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডও সপ্তম স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে।
এদিকে, নিজেদের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অর্জন করেছে পাকিস্তান। একই সঙ্গে দলটি দক্ষিণ আফ্রিকার সমান রেটিং পয়েন্টে পৌঁছেছে।
জ/দি