আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে তার দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।
ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ম্যাক্সওয়েল। তবে সীমিত ওভারের ক্রিকেটে তার উপস্থিতি ছিল বিশেষভাবে প্রভাবশালী। সাদা বলের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এই অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েল টেস্ট ক্রিকেট খেলেছেন মাত্র সাতটি। এই ফরম্যাটে তার সংগ্রহ ৩৩৯ রান। ২০১৭ সালে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।
এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে ৫০ ওভারের ক্রিকেটে তার সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান।
অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলেন এই অজি তারকা।
তিন ফরম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করা ম্যাক্সওয়েল বিশেষ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে অসাধারণ সব পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার বিধ্বংসী ব্যাটিং ও অলরাউন্ড নৈপুণ্য অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে।
জ/শা