অ্যানফিল্ডে লিভারপুলকে হারানোর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্সেনাল। কাই হাভার্টজের একমাত্র গোলে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আরতেতার দল। ১৪ বছর পর এই মাঠে জয়ের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও ফিরে পেয়েছে গানাররা।
রোববার রাতে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। প্রথমার্ধের ১৬ মিনিটে গোল করে এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার কাছ থেকে বল পেয়ে ডেকলান রাইস সেটি বাড়িয়ে দেন কাই হাভার্টজের দিকে। কাছ থেকে জার্মান ফরোয়ার্ডের নেওয়া শট ঠেকাতে পারেননি লিভারপুলের গোলরক্ষক।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিভারপুল। একের পর এক আক্রমণে আর্সেনালের রক্ষণভাগকে চাপে ফেলে স্বাগতিকেরা। তবে সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। ফ্লোরিয়ান ভির্টজের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও আলেক্সান্ডার ইসাক।
বিরতির পর লিভারপুলের আক্রমণের ধার আরও বাড়ে। তবে আর্সেনালের রক্ষণভাগ ছিল সতর্ক ও দৃঢ়। গোলরক্ষক দাভিদ রায়াও গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি আক্রমণ প্রতিহত করে দলের এক গোলের ব্যবধান ধরে রাখতে ভূমিকা রাখেন। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। যোগ করা সময়েও আক্রমণ অব্যাহত রাখে তারা। কিন্তু আর্সেনালের রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ের মধ্য দিয়ে ২০১২ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার অ্যানফিল্ডে লিভারপুলকে হারাল আর্সেনাল। দীর্ঘ ১৪ বছরে এই মাঠে জয়ের জন্য ১৪ বার চেষ্টা করতে হয়েছে দলটিকে।
আর্সেনালের শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল আগের দিনই। শনিবার ব্রাইটনের কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট হারায় ম্যানচেস্টার সিটি। লিভারপুলকে হারিয়ে সেই সুযোগ কাজে লাগিয়েছে আরতেতার দল। গুরুত্বপূর্ণ এই জয়ে শুধু পয়েন্ট তালিকার শীর্ষস্থানই দখল করেনি, শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে গানাররা।
জ/শা