গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষিকার্ড প্রদানের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে রোববার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে কৃষকদের নিবন্ধন করতে দেখা গেছে।
নলুয়া বাজার এলাকায় সড়কের পাশে গ্রামবাসীদের জড়ো করে এ কার্যক্রম পরিচালনা করেন সাদুল্লাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুণা বৈদ্য ও পিন্টু তালুকদার।
তাঁরা জানান, সরকার পুরোনো কৃষিকার্ড বাতিল করে নতুন করে কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ জন্য কৃষকদের নিবন্ধন কার্যক্রম চলছে। নলুয়া গ্রামে এ কর্মসূচির আওতায় ১৩৫টি খানা নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত ২০ জন কৃষকের নাম নিবন্ধন করা হয়েছে। এ সময় নিবন্ধনের জন্য আরও অর্ধশতাধিক কৃষক অপেক্ষায় ছিলেন।
উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, কৃষিকার্ড পেতে হলে তালিকাভুক্ত হতে হবে। নিবন্ধনের জন্য কৃষক দম্পতিকে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সশরীরে উপস্থিত হতে হবে।
নলুয়া গ্রামের রবীন হালদার (৫১) জানান, তাঁর দেড় বিঘা জমি রয়েছে এবং তিনি নিজেই সেখানে ফসল ফলান। এবারই প্রথম কৃষিকার্ড পাওয়ার আশায় নিবন্ধন করতে এসেছেন তিনি।
একই গ্রামের শ্যামল হালদার (৫২) তিন বিঘা জমির মালিক। তিনি বলেন, অন্য একজনের কাছ থেকে খবর পেয়ে কৃষিকার্ডের জন্য নিবন্ধন করতে এসেছেন। তাঁর মতে, বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের নিবন্ধন করা হলে কার্ড বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ হতো।
এ বিষয়ে সংশ্লিষ্ট কলাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ মন্ডলের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কৃষিকার্ডের নিবন্ধন কার্যক্রম চলাকালে তিনি নলুয়া গ্রামে উপস্থিত ছিলেন না। তাঁকে একাধিকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।
জ/উ