রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের কর্মসূচির কারণে মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেক মানুষও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন।
রোববার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে তাঁদের দাবির পক্ষে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা মিরপুর ১১ ও ১২ নম্বর এবং প্রশিকা মোড় এলাকায় অবস্থান নেন।
বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা এসব সড়কে অবস্থান নেওয়ায় আশপাশের এলাকায় যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
জ/শা