পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের প্রভাব যাতে ভারতে না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বিরোধীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) গুজরাটের বনাসকাঁঠায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোদি।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও সারের সংকট তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সে জন্য তাঁর সরকার আপ্রাণ চেষ্টা করছে। তবে বিরোধীরা এ পরিস্থিতি ঘিরে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মোদির দাবি, তাঁর সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিরোধীরা সক্রিয়ভাবে কাজ করছে। দেশ সংকটে পড়লে কিছু মানুষ আনন্দিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে মোদি বলেন, ভারত সম্মিলিতভাবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কিন্তু কিছু মানুষ ভুয়া তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। কৃষকদের সার সরবরাহ নিয়েও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মোদির ভাষ্য, এসব কর্মকাণ্ডের পেছনে দেশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে। সূত্র: আনন্দবাজার
জ/শা