আগামীতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে যোগাযোগ বা লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে তোষণ করেছে, এখন একই পথে হাঁটছে জামায়াত।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজের সময় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ আগে ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াতও একইভাবে ভারতকে তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্যেই দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলে অভিযোগ করেন তিনি।
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয় প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিক্রির প্রচারণা মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে দলটি সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জ/শা