পরিবারে মা-বাবা, ভাই-বোন কিংবা স্ত্রী-সন্তানের পাশাপাশি এমন কিছু মানুষ থাকেন, যাঁরা পরিবারের সদস্য না হয়েও একটি সুখী ও সুন্দর পরিবার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শ্বশুর-শাশুড়ি তাঁদের মধ্যে অন্যতম। তাঁদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ।
আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় শাশুড়ি দিবস (ন্যাশনাল মাদার-ইন-ল ডে)। প্রতিবছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালিত হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্যাপন এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।
‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের কথা উল্লেখ রয়েছে।
শাশুড়ির সঙ্গে সম্পর্কের ধরন সবার ক্ষেত্রে এক রকম নয়। কারও ক্ষেত্রে এ সম্পর্ক অত্যন্ত মধুর ও আন্তরিক, আবার কোথাও কখনো কখনো তৈরি হয় নানা টানাপোড়েন। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে থাকেন এবং কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁদের এই অবদান ও আন্তরিকতার স্বীকৃতি দেওয়ার একটি উপলক্ষ জাতীয় শাশুড়ি দিবস।
দিবসটি উপলক্ষে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা, একসঙ্গে সময় কাটানো কিংবা ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে তাঁকে বিশেষ অনুভূতি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। ছোট্ট একটি শুভেচ্ছা বা আন্তরিক আচরণও পারিবারিক সম্পর্ককে আরও উষ্ণ ও সুন্দর করে তুলতে পারে।
জ/শা